প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ পিএম

রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয় এরপর তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার নিশ্চিত করেছেন। সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন জানান, ‘অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারছি না। আগুনে প্রায় ৩০টি রিসোর্ট পুড়ে গেছে।’
বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘সাজেকের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছেনা।’
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন জানান, ‘জেলাপ্রশাসক মহোদয় ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে কথা বলেছেন এবং সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
স্বদেশ প্রতিদিন/এমআর