প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৩ পিএম

পিরোজপুরের নাজিরপুরে ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এতে তিনজন গুরুতর আহত হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলে মারা যান।
নিহতরা হলেন, নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৩৫) এবং তার ছেলে ইয়াদ আলী মোল্লা (১৫)। এছাড়া এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি হলেন, উপজেলার হুগলাবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে ভ্যানচালক মইন শেখ (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রুহিতলাবুনিয়া এলাকায় একটি ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ভ্যানে থাকা তিনজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তবে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান জানিয়েছেন, গুরুতর আহতদের অবস্থা আশঙ্কাজনক ছিল এজন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে মাহাবুব মোল্লা ও তার ছেলেকে মৃত ঘোষণা করা হয়।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, "দুর্ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের মাধ্যমে জানা গেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে, আর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং নিহতদের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এমআর