প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৬ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ এবং সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার অপরিসীম গুরুত্ব রয়েছে। সংস্কৃতি এবং পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত, এবং সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আজ (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারায় ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম। একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনো বন্য হাতি বা অন্যান্য বন্যপ্রাণী হত্যা করতে পারে না, কারণ সংস্কৃতি মানুষের মধ্যে জীবন ও প্রকৃতির প্রতি সম্মান ও মমত্ববোধ তৈরি করে।
তিনি আরও বলেন, "এমন সংস্কৃতি চর্চা আমাদের সমাজে শৃঙ্খলা, শিষ্টাচার এবং পরিবেশবান্ধব মনোভাব তৈরিতে সহায়তা করে।"
নবপ্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং সফলতা কামনা করে তিনি বলেন, এটি দেশের সাংস্কৃতিক ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে।
‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’ শিশু-কিশোর ও তরুণদের জন্য নৃত্য, সংগীত, নাটকসহ নানা পরিবেশনামূলক শিল্পচর্চার সুযোগ সৃষ্টি করতে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনী আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত অতিথিরা অভিভূত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসএমটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসরীন সোবহান। এছাড়া শামীম আরা নীপা, আবেদা সুলতানা, রেবেকা সুলতানা এবং বিশিষ্ট সংস্কৃতিজনরা তাদের পারফরম্যান্স প্রদর্শন করেন। আয়োজকরা জানান, এই প্রতিষ্ঠান নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটাতে ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি অ্যাকাডেমির বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং ট্রাস্টিদের সাথে মতবিনিময় করেন।
স্বদেশ প্রতিদিন/এমআর