প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৪ পিএম

খুলনা মহানগরী ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান আইন-শৃঙ্খলা অভিযান 'ডেভিল হান্ট' এর অংশ হিসেবে ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের প্রথম দিনে দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে খুলনা সিটি কর্পোরেশন ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাত মিনাকে গ্রেপ্তার করা হয়। তাকে খালিশপুর থানায় দায়ের হওয়া ভাঙচুর মামলায় হস্তান্তর করা হয়।
এদিকে, সোনাডাঙ্গা থানা এলাকায় রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করা হয়। রাতে সোনাডাঙ্গা ১নং ফেস এলাকার খালাসি মাদ্রাসার ১নং রোড থেকে মোংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারকে আটক করা হয়। পরে তার অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।
রাতের অভিযানে খানজাহান আলী থানায় রাজনৈতিক মামলায় নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
এ বিষয়ে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান জানান, লবণচরা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক লাভলু খানকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২২ সালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কাঙ্গালীভোজের খাবার কেড়ে নেওয়ার মামলার আসামি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমআর