প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৭ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর আজ নোয়াখালী, বরগুনা, কুমিল্লা ও ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিযানে ৭টি মামলা দায়ের করা হয় এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সারাদেশে প্রায় ১৩ হাজার ৪২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং দোকান মালিকদের সতর্ক করা হয়।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় ৪টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এতে ৩টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শরীয়তপুরে এক ইটভাটার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। গাজীপুরে ৩টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।
ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় পরিবহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন রোধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।
নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে পল্টন, শাহবাগ, লালবাগ ও আগারগাঁও এলাকায় ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬টি মামলার মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমআর