প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১:১৮ AM আপডেট: ০২.১২.২০২৪ ১:৩২ এএম

প্রণোদনার পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার প্রায় দুই শতাধিক কৃষক। এতে এবছর পেঁয়াজ চাষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। উপজেলা কৃষি বিভাগ বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।
কৃষকরা বলছেন, চলতি নভেম্বরে সরকারিভাবে বিনামূল্যে এক কেজি করে পেঁয়াজ বীজ দেওয়া হয়। এই বীজ বপন, সেচ, সার, কীটনাশক ও জমি প্রস্তুত বাবদ প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বীজ থেকে চারা গজায়নি। এখন নতুন করে বীজ বপন করারও সময় নেই। সব মিলিয়ে প্রণোদনার পেঁয়াজ বীজে কৃষককে এ বছর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার প্রান্তিক কৃষককে উন্নত জাতের প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, এবছর উপজেলার ১ হাজার প্রান্তিক কৃষককে উন্নত জাতের (বারি-১, বারি-৪ ও তাহেরপুর) প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে বারি-৪ জাতের পেঁয়াজ বীজ পেয়েছে ২৫০ জন কৃষক। মূলত তাঁদের বীজগুলো না গজানোর অভিযোগ উঠেছে।
তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমআর