| শিরোনাম: |

ঝালকাঠির গাবখান সেতু এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বুধবার দুপুরে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্বদেশ প্রতিদিনকে দুর্ঘটনায় হতাহতদের খবরটি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ সদস্যদের পাঠিয়েছেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, আল আমিন খুলনা থেকে ট্রাকে সিমেন্টের বস্তা উঠিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি স্বীকার করেছেন যে তার এই গাড়ি চালানোর অভিজ্ঞতা ছিল না।
তার হালকা যান চালানোর লাইসেন্স ছিল। ঘটনার সময় ব্রেকফেল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন, যোগ করেন মহিতুল। খুলনা থেকে ঝালকাঠীগামী সিমেন্টবাহী ওই ট্রাকটি গাবখান টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি প্রাইভেটকারকে দুমড়ে মুচড়ে দেয়। এতে ঘটনাস্থলে ছয়জন ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠী সদর হাসপাতালে আটজন মারা যান। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুরুতর আহত নয়জন শের-ই বাংলা হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনা তদন্তে ঝালকাঠি জেলা প্রশাসন চার সদস্যের একটি কমিটি করেছে।