প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৩:৩৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর হতে খাটিয়ারহাট সড়ক নির্মাণ কাজে নিম্নমানের ইট-খোয়া-বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না।
স্বাধীনতার ৫৩ বছর পরে এমন নতুন পাকা রাস্তা নির্মাণে অনিয়মে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মির্জাপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়নের এই রাস্তাটি ১১শত ৭০ মিটার সংস্কার করার জন্য ১ কোটি ৭ লাখ ৬২ হাজার ৪৬২ টাকা বরাদ্দ দেয়া হয়।
টাঙ্গাইল ঘাটাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান আনিকা কনস্ট্রাকশন এন্ড বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটি এই কাজটি করছেন। কয়েকজন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার বিভিন্ন অংশে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার করা হচ্ছে এবং বালিমাটি দিয়ে খোয়া ঢেকে দিচ্ছে যাতে করে কেউ বুঝতে না পারে। রাস্তায় এমন নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দেখেও দেখছে না।
এলাকাবাসী আরো বলেন, শুরু থেকেই তারা কাজের মান নিয়ে আপত্তি করছেন। কিন্তু ঠিকাদারের লোকজন গ্রামের লোকজনকে হুমকি দেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী তথা ইট, খোয়া ও বালির ব্যবহার করার কারণে রাস্তা নির্মিত হওয়ার অল্পদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে এমন আপত্তি জানান এলাকাবাসী।
এ ব্যাপারে ঠিকাদার আতিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।
মির্জাপুর এলজিইডির প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান,আমি জানতে পেরেছি রাস্তাটিতে খরাপ খোয়া ব্যবহার করা হয়েছে। বিষয়টি দেখতে সেখানে আমরা একজন অফিসার পাঠাই এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরবর্তীতে খারাপ খোয়া সরিয়ে ভালো খোয়া দিতে বলি এবং ঠিকাদারকে বলে দেই এরকম কাজ যেনো আর না হয়। রাস্তাটির কাজ চলমান আছে পিচঢালাইয়ের আগে আবার পর্যবেক্ষণ করবে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/এমআর