প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম

নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন বিল্লাল হোসেন (৩৮) ও ইয়াসিন মিয়া (৩৫) নামে দুই ব্যক্তি।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌয়ালা এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে বিল্লাল হোসেন ও ইয়াসিন মিয়া আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, এ ঘটনায় আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের গুলিতে দুইজন আহত হয়েছেন। আহত দুজনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি