প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:২৩ পিএম

টেকনাফের হোয়াইক্যংয়ে মিয়ানমার থেকে মাদকের চালান আনার দৃশ্য দেখে ফেলাকে কেন্দ্র করে একটি বসতঘরে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহমদ নুর নামে একজন গুলিবিদ্ধ এবং আরাফাত নামে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য হাফেজ জয়নালের অভিযোগ, মিনাবাজার এলাকার ইউসুফ আলীর ছেলে মান্নান ও তাঁর ছোট ভাই সালেহ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত। গতকাল বুধবার রাত ৮টার দিকে তাঁরা সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান আনছিলেন। এ সময় একই এলাকার আরাফাত বিষয়টি দেখে ফেলেন। এ ঘটনার কিছুক্ষণ পর রাত সাড়ে ৮টার দিকে মান্নান ও সালেহসহ কয়েকজন অস্ত্রধারী তাঁদের বসতবাড়ি ঘেরাও করে একাধিক গুলি ছোড়েন। এতে তাঁর ছোট ভাই আহমদ নুর (৩৪) গুলিবিদ্ধ হন। একই ঘটনায় আরাফাত নামে আরও এক যুবককে (২০) ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধ আহমদ নুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত অন্যরা হলেন—আবুল বশর ওরফে বাবুল (৪০), সাবেকুন্নাহার (২৬) ও আরাফাত (২০)।
হাফেজ জয়নাল আরও জানান, হামলার পর তাঁরা আতঙ্কিত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফেজ আহমদ বলেন, বসতবাড়িতে গুলিবর্ষণ এবং কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতা ও মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ