প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে প্রাথমিক পর্যায়ে আওরাবুনিয়া, শৌলজালিয়া ও পাটিখালঘাটা—এই তিন ইউনিয়নের মোট ১২ জন তথ্য সংগ্রহকারী এবং ৩ জন সুপারভাইজার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন।
কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ডের ডেটাবেজ প্রণয়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
এ ছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ