প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. নবী হোসেন, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সি এবং সোনারগাঁ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনকে ছয় হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ওই প্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করার বিষয়টি ধরা পড়ে। পরে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমান ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ