প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:২৬ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানাপ্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির বিকৃত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই সার কারখানার একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাজাহান তালুকদারের স্থায়ী বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন। প্রায় চার বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি পলাশ উপজেলার খানপুর এলাকায় বসবাস করছিলেন।
নিহতের দুই সন্তানের মধ্যে একজন তাঁর সঙ্গে খানপুরে বসবাস করেন। অপর সন্তান বরিশালে থাকেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে মরদেহটি পড়ে থাকায় তাতে পচন ধরেছিল এবং আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। মরদেহের হাত ও পায়ের আঙুলসহ বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় কারখানা ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মরদেহ উদ্ধারের পর নিহতের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
ওসি শাহেদ আল মামুন বলেন, নিহত ব্যক্তি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সাবেক কর্মচারী এবং বর্তমানে খানপুর এলাকায় বসবাস করছিলেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কীভাবে ও কী উদ্দেশ্যে ঘটনাটি ঘটেছে এবং এর পেছনে কী রহস্য রয়েছে, তা উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ