প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলে নদীতে পড়ে তলিয়ে গেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে পানিতে পড়ে যান।
পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন। স্থানীয় জেলেরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা দ্রুত উদ্ধারের চেষ্টা চালিয়েও তাকে আর খুঁজে পাননি।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, “বিষখালী নদীতে তীব্র স্রোত রয়েছে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বরিশাল থেকে অভিজ্ঞ ডুবুরি দল রওনা হয়েছে, তারা এসে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবুরি দল পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ পরিচালনা করা হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ