প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পর্যায়ক্রমে একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, বর্তমানে দেশে ৮৫টি প্রতিবন্ধী স্কুল চালু রয়েছে। তবে শুধু স্কুল প্রতিষ্ঠার মধ্যেই উদ্যোগ সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষিত বিশেষ শিক্ষকের সংখ্যাও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সোমবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
মন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু সুরক্ষা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা অনেক পরিবারের অভিভাবক সন্তান লালন-পালনের কারণে নিয়মিত কর্মক্ষেত্রে যুক্ত হতে পারেন না। এসব পরিবারের বাবা-মা যাতে ঘরে বসে বা উপযোগী পরিবেশে আয় করতে পারেন এবং কর্মক্ষম থাকতে পারেন, সে বিষয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যাতে শিক্ষা ও সামাজিক সুযোগ থেকে পিছিয়ে না থাকে, সেদিকেও সরকারের নজর রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ