প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম

প্রায় এক দশক পেরিয়ে গেলেও শেষ হয়নি টেকনাফের নাফ নদসংলগ্ন বাঁধ ও পুনর্বাসন প্রকল্পের কাজ। ২০১৭ সালে প্রায় ১৪২ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া প্রকল্পটির সংশোধিত ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ কোটি ৫৮ লাখ টাকা। সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রকল্পের কাজ এগিয়েছে ৫৩ দশমিক ৬৮ শতাংশ।
মঙ্গলবার উখিয়া-টেকনাফের নাফ নদসংলগ্ন পোল্ডার ৬৭/এ, ৬৭/বি ও ৬৮-এর পুনর্বাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, টেকনাফের মানুষ এখনো প্রকল্পটির কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না। প্রকল্পের কাঠামো ও সমীক্ষা যথাযথ না হওয়ায় দীর্ঘ সময়েও এর কাজ শেষ করা সম্ভব হয়নি।
মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় স্লুইস গেট নির্মাণ করা হবে, নাকি ব্রিজ—তা স্থানীয় মানুষের মতামত ও প্রয়োজন বিবেচনা করে নতুন করে নির্ধারণ করা হবে। এ বিষয়ে শিগগির ঢাকার একটি বিশেষজ্ঞ কারিগরি দল এলাকায় গিয়ে প্রকল্পটি পর্যালোচনা করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণ, খাল পুনঃখনন, সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণের কাজ রয়েছে। দীর্ঘ সময় ধরে কাজ চললেও প্রকল্পের অগ্রগতি ৫৪ শতাংশের নিচে থাকায় এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।
সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আযাদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, স্থানীয় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ