
সরকারের গ্যারান্টিযুক্ত প্রাইজবন্ডে সাধারণ সঞ্চয়কারীদের আগ্রহ দিন দিন কমছে। একদিকে কমেছে প্রাইজবন্ড কেনার পরিমাণ, অন্যদিকে মূল অর্থ ফেরত ও পুরস্কারের অর্থ পরিশোধও আগের তুলনায় কমেছে। ফলে এই বন্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে সরকারের সরাসরি ঋণ নেওয়ার সুযোগও সংকুচিত হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রাইজবন্ড নিয়ে পর্যাপ্ত প্রচার না থাকা এবং বাজারে তুলনামূলক বেশি সুবিধাজনক ও সহজলভ্য বিভিন্ন সঞ্চয়ী উপকরণ থাকায় এর জনপ্রিয়তা কমেছে। আগ্রহ বাড়াতে বেশি মূল্যমানের, বিশেষ করে ১ হাজার টাকার প্রাইজবন্ড চালু করা এবং পুরস্কারের পরিমাণ আকর্ষণীয় করার প্রস্তাবও দিয়েছেন তারা।
জনগণের জন্য সরকারের সঞ্চয়ী উপকরণ হিসেবে ১৯৭৪ সালে প্রাইজবন্ড চালু করা হয়। বর্তমানে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড বাজারে রয়েছে। এর আগে ১০ টাকা ও ৫০ টাকা মূল্যমানের বন্ড চালু ছিল। মূল্যস্ফীতির কারণে ১৯৯৫ সালে ওই দুই মূল্যমানের প্রাইজবন্ড বাতিল করা হয়।
একসময় বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে উপহার হিসেবে প্রাইজবন্ড দেওয়ার প্রচলন ছিল। সহজে কেনা যায় এবং যার কাছে থাকে, তিনিই এর মালিক—এমন বৈশিষ্ট্যের কারণে তখন এটি বেশ জনপ্রিয় ছিল। তবে সময়ের সঙ্গে এর প্রতি মানুষের আগ্রহ কমেছে।
সহজেই কেনা যায়, নেই বিনিয়োগসীমা
বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখা, বাণিজ্যিক ব্যাংকের শাখা, ডাকঘর এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখা থেকে নগদ টাকার বিনিময়ে প্রাইজবন্ড কেনা যায়। এটি কেনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিনিয়োগসীমা নেই।
প্রাইজবন্ডে সরাসরি কোনো সুদ বা মুনাফা দেওয়া হয় না। তবে প্রতি তিন মাস পরপর বছরে চারবার লটারির ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের মাধ্যমে নির্ধারিত পুরস্কার দেওয়া হয়।
বর্তমানে প্রাইজবন্ডের ৪৬টি সিরিজ রয়েছে। প্রতি সিরিজে ৪৬টি পুরস্কার রাখা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার দুটি—প্রতিটি ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার দুটি—প্রতিটি ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ৪০টি—প্রতিটি ১০ হাজার টাকা।
সব সিরিজ মিলিয়ে প্রতি ড্রয়ে মোট ১৬ লাখ ২৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হয়। ড্র অনুষ্ঠিত হওয়ার দুই বছরের মধ্যে পুরস্কারের অর্থ দাবি করতে হয়। পুরস্কারের অর্থ পরিশোধের আগে ২০ শতাংশ হারে আয়কর কেটে রাখা হয়।
এক বছরে বিক্রি কমেছে ২১ কোটি টাকা
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে প্রাইজবন্ডের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে।
২০২৪-২৫ অর্থবছরে ৯৯ কোটি ৩০ লাখ টাকার প্রাইজবন্ড বিক্রি হলেও ২০২৫-২৬ অর্থবছরে বিক্রি হয়েছে ৭৭ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রি কমেছে ২১ কোটি ৪০ লাখ টাকা, যা ২১ দশমিক ৫৫ শতাংশ।
কমেছে মূল অর্থ ও পুরস্কার পরিশোধ
২০২৪-২৫ অর্থবছরে প্রাইজবন্ডের মূল অর্থ ফেরত দিতে ৬৬ কোটি ৮০ লাখ টাকা এবং লটারির পুরস্কার হিসেবে ৪৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করা হয়। মূল অর্থ পরিশোধ বাদ দিলে ওই অর্থবছরে নিট বিক্রি ছিল ৩২ কোটি ৪০ লাখ টাকা।
মূল অর্থ ও পুরস্কার—দুই খাতে মোট ১১৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করা হয়। ফলে ওই অর্থবছরে প্রাইজবন্ড বিক্রির চেয়ে পরিশোধের পরিমাণ ১৫ কোটি ১০ লাখ টাকা বেশি ছিল। ঘাটতি পূরণে সরকারকে অন্য খাত থেকে অর্থ জোগান দিতে হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে মূল অর্থ ফেরত দেওয়া হয়েছে ৫৬ কোটি ৫০ লাখ টাকা এবং পুরস্কার বাবদ পরিশোধ করা হয়েছে ২৮ কোটি ২০ লাখ টাকা। মূল অর্থ বাদ দিয়ে নিট বিক্রি দাঁড়িয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা।
ওই অর্থবছরে মূল অর্থ ও পুরস্কার মিলিয়ে মোট ৮৪ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ফলে গ্রস বিক্রির তুলনায় পরিশোধের পরিমাণ ৬ কোটি ৮০ লাখ টাকা বেশি হয়েছে। এই ঘাটতিও অন্য খাত থেকে অর্থ এনে পূরণ করতে হয়েছে।
নিট বিক্রিতেও বড় পতন
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে প্রাইজবন্ডের মূল অর্থ পরিশোধ কমেছে ১০ কোটি ৩০ লাখ টাকা বা ১৫ দশমিক ৪৫ শতাংশ। একই সময়ে লটারির পুরস্কার বাবদ পরিশোধ কমেছে ১৯ কোটি ৪০ লাখ টাকা বা ৪০ দশমিক ৭৬ শতাংশ।
এ সময়ে নিট বিক্রিও কমেছে ১০ কোটি ৯০ লাখ টাকা বা ৩৩ দশমিক ৬৫ শতাংশ।
আগে প্রাইজবন্ডের বিক্রি তুলনামূলক বেশি থাকায় পুরস্কার ও মূল অর্থ পরিশোধের পরও সরকারের হাতে উদ্বৃত্ত অর্থ থাকত। সেই অর্থ জনগণের কাছ থেকে নেওয়া ঋণ হিসেবে সরকারের কাজে লাগত। তবে বিক্রি কমে যাওয়ায় বর্তমানে প্রাইজবন্ড থেকে সরকারের নিট ঋণ নেওয়ার সুযোগও কমে গেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ