চুলের যত্নে তেল ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের হলেও ভুল পদ্ধতিতে তেল লাগালে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। তাই চুলে তেল দেওয়ার সময় সাধারণ যে ৫টি ভুল এড়িয়ে চলা জরুরি, তা নিচে দেওয়া হলো:
১. চুল না আঁচড়ে বা জট না ছাড়িয়ে তেল লাগানো
জট পাকানো চুলে সরাসরি তেল লাগালে চুলে অতিরিক্ত টান পড়ে এবং চুল ভেঙে যেতে পারে। তাই তেল লাগানোর আগে আলতো করে আঁচড়ে চুলের জট ছাড়িয়ে নেওয়া উচিত। এক্ষেত্রে চুলের আগা থেকে জট ছাড়ানো শুরু করে ধীরে ধীরে ওপরের দিকে যাওয়া ভালো
২. মাথার ত্বক খুব জোরে ঘষা
জোরে জোরে ম্যাসাজ করলেই তেল ভালো কাজ করবে—এমন ধারণা ভুল। নখ দিয়ে মাথার ত্বক আঁচড়ানো বা অতিরিক্ত চাপ প্রয়োগ করলে ত্বকে জ্বালাপোড়া ও ছোটখাটো ক্ষত হতে পারে। এর পরিবর্তে আঙুলের ডগা ব্যবহার করে আলতোভাবে ম্যাসাজ করা উচিত
৩. প্রয়োজনের চেয়ে বেশি তেল ব্যবহার করা
চুল তেলে ডুবিয়ে রাখলেই যে বেশি উপকার মিলবে, তা নয়। অতিরিক্ত তেল ব্যবহারের ফলে চুল ও স্ক্যাল্প আঠালো হয়ে যায় এবং বারবার শ্যাম্পু করার প্রয়োজন পড়ে, যা চুলকে আরও শুষ্ক করে তোলে। তাই চুলের ঘনত্ব ও শুষ্কতার ওপর ভিত্তি করে পরিমিত তেল ব্যবহার করতে হবে
৪. চুলে সারারাত তেল রাখা
সুফল পাওয়ার জন্য চুলে সারারাত তেল রাখার কোনো প্রয়োজন নেই। চুল ধোয়ার আগে অল্প সময়ের জন্য তেল লাগিয়ে রাখাই যথেষ্ট। বিশেষ করে যাদের স্ক্যাল্প তৈলাক্ত, খুশকি বা চুলকানির সমস্যা আছে, তাদের সারারাত তেল না রাখাই ভালো
৫. অতিরিক্ত গরম তেল ব্যবহার করা
তেল কুসুম-গরম করে ব্যবহার করা গেলেও তা অতিরিক্ত গরম করা উচিত নয়। অতিরিক্ত গরম তেল মাথার ত্বকের সংবেদনশীল অংশে জ্বালাপোড়া বা পোড়ার ভাব সৃষ্টি করতে পারে। ব্যবহারের আগে তাই কবজি বা আঙুলের ডগায় তাপমাত্রা পরীক্ষা করে নেওয়া জরুরি
স্বদেশ প্রতিদিন/এস পি