
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। এর মধ্যেই ভবিষ্যতে আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে স্পট স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠেছিল। তবে বুধবারই পরবর্তী সময়ে স্বর্ণের দাম হঠাৎ করে প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এরপর বৃহস্পতিবার আবারও দাম বাড়তে দেখা যায়।
অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৩ দশমিক ৯০ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামের গতিপথে তেলের বাজারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, তেলের দাম বর্তমানে বাজারের জন্য নজর রাখার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তেলের দাম কমতে থাকলে মধ্যমেয়াদে তা স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করতে পারে। তবে তেলের দামে এমন প্রবণতা না দেখা গেলে স্বর্ণের দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে।
তিনি আরও বলেন, স্বর্ণের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পেছনে কারিগরি বাজার পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। ফেডারেল রিজার্ভের কঠোর নীতির বার্তা ইতোমধ্যেই বাজারদরে অনেকটাই প্রতিফলিত হয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদহার বাড়লে সুদনির্ভর সম্পদে বিনিয়োগের আকর্ষণ বাড়তে পারে। ফলে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
বুধবার ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পাশাপাশি চলতি বছরের শেষ নাগাদ আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। ফেডের সর্বশেষ ত্রৈমাসিক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, ১৮ জন নীতিনির্ধারকের মধ্যে ১৬ জনই বছরের শেষ নাগাদ অন্তত আরও একবার ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। অপর দুই নীতিনির্ধারক সুদহার বর্তমান অবস্থায় রাখার পক্ষে মত দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে জ্বালানির দাম বাড়তে থাকলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও ফেডারেল রিজার্ভের মতো সুদহার বাড়ানোর পথে যাবে কি না, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।
স্বর্ণের বাজারে ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাবও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান কাছাকাছি বলে আশা প্রকাশ করেছেন। একই সময়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও সৌদি আরব-ইয়েমেন পরিস্থিতিও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি করছে। এসব পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ দেখাতে পারেন।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৬ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে সুদহার, তেলের মূল্য, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের বাজার-মনোভাব—এসব বিষয় আগামী দিনগুলোতে স্বর্ণের দামের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি