
গাজর শরীরের জন্য নানা দিক থেকে উপকারী একটি সবজি। এতে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এবং ত্বকের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে গাজর কাঁচা খাওয়া ভালো, নাকি রান্না করে—এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।
‘নিউজ১৮’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরের জন্য গুরুত্বপূর্ণ হলেও কাঁচা গাজর থেকে এটি সম্পূর্ণভাবে শোষিত নাও হতে পারে। ভারতীয় ডায়েটিশিয়ান রিঙ্কল শর্মার মতে, কাঁচা গাজরের উদ্ভিজ্জ কোষের দেয়াল তুলনামূলক শক্ত থাকে। ফলে গাজরের ভেতরে থাকা কিছু পুষ্টি উপাদান শরীরের পক্ষে সহজে শোষণ করা কঠিন হতে পারে।
হালকা রান্না করলে গাজরের কোষের গঠন কিছুটা নরম হয়। এতে বিটা-ক্যারোটিন শরীরের জন্য সহজে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। বিশেষ করে অল্প তাপে রান্না করে স্বাস্থ্যকর চর্বির সঙ্গে খেলে বিটা-ক্যারোটিন শোষণের পরিমাণ আরও বাড়তে পারে।
গাজর ভাপে সেদ্ধ, হালকা ভাজা, রোস্ট বা বেক করে খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত সময় রান্না করে একেবারে নরম করে ফেলার প্রয়োজন নেই। অল্প তাপে রান্না করলে গাজরের স্বাদ ও গঠন বজায় রাখার পাশাপাশি এর পুষ্টি গ্রহণের ক্ষেত্রেও সুবিধা হতে পারে।
স্বাস্থ্যকর তেলের ভূমিকা
বিটা-ক্যারোটিন একটি চর্বিতে দ্রবণীয় ক্যারোটিনয়েড। তাই গাজরের সঙ্গে সামান্য স্বাস্থ্যকর ফ্যাট থাকলে শরীরে এটি শোষিত হতে সুবিধা হয়। অলিভ অয়েল বা অন্য কোনো উপযোগী তেল দিয়ে গাজর হালকা ভেজে খাওয়া যেতে পারে।
তবে এর অর্থ এই নয় যে কাঁচা গাজর খাওয়া উপকারী নয়। কাঁচা গাজরে ফাইবারসহ বিভিন্ন পুষ্টি উপাদান থাকে এবং সালাদ হিসেবেও এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। চাইলে কাঁচা গাজরের সঙ্গে অল্প অলিভ অয়েল, অ্যাভোকাডো বা বিভিন্ন ধরনের বীজ যোগ করা যেতে পারে।
কীভাবে খাবেন গাজর?
গাজর খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হলো অল্প তাপে রান্না করা। সামান্য তেলে গাজর কয়েক মিনিট হালকা ভেজে নিতে পারেন। ভাপে সেদ্ধ করেও খাওয়া যায়। আবার রোস্ট বা বেক করেও গাজর খাওয়া সম্ভব।
তবে অতিরিক্ত রান্না না করাই ভালো। গাজর যেন পুরোপুরি নরম হয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখা যেতে পারে। মসলা হিসেবে সামান্য গোলমরিচ যোগ করলেও স্বাদ বাড়বে।
সব মিলিয়ে, গাজর কাঁচা বা রান্না—দুইভাবেই খাদ্যতালিকায় রাখা যায়। তবে শরীরে গাজরের বিটা-ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরির ক্ষেত্রে হালকা রান্না এবং সামান্য স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে খাওয়া উপকারী হতে পারে। তাই প্রতিদিনের খাবারে গাজরকে কখনো সালাদ হিসেবে, আবার কখনো হালকা রান্না করে রাখলে খাদ্যতালিকায় বৈচিত্র্যও থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি