
দেশজুড়ে চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি।
দেশে এখনো হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সরকার নতুন করে ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য হলো কোনো শিশু যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে।
চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সরকার দ্রুত জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দফায় ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচি চালু করা হয়। এরপর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ—এই চারটি সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় দফায় টিকাদান শুরু হয়। সর্বশেষ ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করা হয়, যা এখনো চলমান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কর্মসূচির শুরুতে সারা দেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশু। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু। ফলে লক্ষ্যমাত্রা অর্জনের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন, রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন এবং বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন শিশু টিকা পেয়েছে।
সিটি করপোরেশনগুলোর মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন শিশু টিকা পেয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে এই সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন এবং গাজীপুর সিটি করপোরেশনে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন।
এ ছাড়া খুলনা সিটি করপোরেশনে ৯৬ হাজার ৭৯২ জন, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭ জন, রংপুরে ৮২ হাজার ২৫৩ জন, সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯ জন, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫ জন, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩ জন এবং বরিশালে ৪৪ হাজার ১১৯ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানিয়েছেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। তবে দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সরকারের বাড়তি তৎপরতার অংশ।
তিনি বলেন, নতুন কর্মসূচির মূল লক্ষ্য হলো টিকাদানের মাধ্যমে কোনো শিশুকে বাদ না রাখা। সরকারের এই উদ্যোগের ফলে হাম প্রতিরোধে শিশুদের টিকাদানের আওতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি