প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম

শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে গুমের নির্দেশদাতা হিসেবে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে দেওয়া সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনা নিজেই গুমের নির্দেশ দিতেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের সান্ত্বনা দিতেন শেখ হাসিনা। তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হতো। অথচ গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন, সে বিষয়ে তিনি নিজেই জানতেন বলে দাবি করেন স্পিকার।
তিনি বলেন, এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’র অভিনয় করেছেন। তখন জনগণ বিষয়টি বুঝতে পারেনি, এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে।
মেজর হাফিজ আরও বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। তাঁর ভাষায়, ওই ব্যক্তির সঙ্গে অত্যন্ত নির্মম ও জঘন্য আচরণ করা হয়েছে।
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, আওয়ামী লীগের ‘কুখ্যাত নেত্রী’ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর দাবি, গত ১৭ বছরে বিভিন্ন পদে থাকা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এমনকি দেশের বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ