প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৪ পিএম

চক্রান্তকারীরা বারবার দেশের ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে যে সম্প্রীতি ও বন্ধন রয়েছে, তা যুগ যুগ ধরে টিকে থাকবে।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
রুহুল কবির রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের কল্যাণ ও অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য স্থান নিশ্চিত করেছে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নীতিকে প্রতিষ্ঠিত করেছিলেন।
রিজভীর বক্তব্যে দেশের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, বিভিন্ন সময়ে একটি মহল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। তবে দীর্ঘদিন ধরে চলে আসা মানুষের পারস্পরিক বন্ধন ও সহাবস্থান কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ভেঙে দেওয়া সম্ভব হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির এই পরিবেশ ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জিয়া উদ্যানের এ কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তাই তুলে ধরে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি