প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম

ঢাকা: দলের নাম ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা কষ্ট দিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সারা দেশের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ যেন দলকে বিব্রত করতে না পারে, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
তিনি বলেন, দলের পরিচয় ব্যবহার করে এমন কোনো কাজ করা যাবে না, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই নেতাকর্মীদের প্রতিজ্ঞা ও শপথ হওয়া উচিত।
আন্দোলনে নিহতদের স্মরণ
আলোচনা সভায় বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিহত, গুম হওয়া এবং আহত নেতাকর্মীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
৪৮ বছরে বিএনপি
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে দলটি ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন আয়োজন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ