প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ৭:০৯ PM

ঢাকা: বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি মানবিক রাষ্ট্র ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। তবে বিগত সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
বিগত ১৬ বছরের শাসনামলের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সে সময়ে একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করেছিল। এখন সেই গুপ্ত অবস্থানের আড়ালে কেউ অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, যারা বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন, তাদের মনে রাখা উচিত—দেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখবে।
তারেক রহমান আরও বলেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ
দেশের চলমান জ্বালানি সংকট ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে পেয়েছে।
বিদ্যুতের দুর্ভোগে থাকা সাধারণ মানুষ ও শিল্পমালিকদের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে শুধু অতীতের পরিস্থিতিকে দায়ী করে অজুহাত দিতে চান না বলেও উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট আর তৈরি না হয়, সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ