প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম

প্রতীকী ছবি
পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম দিনেই সাড়ে তিন হাজারের কাছাকাছি ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। বুধবার শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ১,৭৪৫ জন, জাপানে ৬৯০, চীনে ৩৬৮, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩, লিবিয়ায় ৬১, মিশরে ৫২, উগান্ডায় ১৯, মোজাম্বিকে ১৫, মরিশাসে ১৪, নাইজেরিয়ায় ১১, লাইবেরিয়ায় ১১, বোতসোয়ানায় ৯, রিপাবলিক অব কঙ্গোয় ৬, তানজানিয়ায় ৫, কেনিয়ায় ৪ এবং মরক্কো থেকে ৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
তিনি আরও জানান, এবার পোস্টাল ব্যালটে শুধু প্রবাসীরাই নয়, কারাবন্দী ব্যক্তি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ