প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:১১ AM

মিয়ানমারের রাখাইন উপকূলে অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার অভিযোগে তিনটি মাছ ধরার ট্রলার আটক করেছে আরাকান আর্মি (এএ)। এসব ট্রলারে থাকা ১৬ বাংলাদেশি জেলে যাদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে তাদের হেফাজতে নিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাখাইনভিত্তিক একটি ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে (এএ)।
টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় টেকনাফ পৌরসভার কলেজপাড়া এলাকার জাকিরের মালিকানাধীন একটি ট্রলারসহ ৬ জন রোহিঙ্গা জেলেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়।
তিনি বলেন, আরও দুইটি ট্রলারের ১০ জন জেলেও এএ’র হেফাজতে আছে। তবে ওই ট্রলার মালিক বা জেলেদের পরিবার থেকে কেউ যোগাযোগ না করায় তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, বাংলাদেশি নৌকার অনুপ্রবেশ রোধে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল নিয়মিত টহল দিচ্ছে। তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মংডু টাউনশিপের থাওয়াইং চাউং গ্রামের পশ্চিম সাগর এলাকা থেকে ৬ জনসহ একটি ট্রলার আটক করা হয়। একই দিনে রাথেডং টাউনশিপ উপকূল থেকে প্রায় ৩.৫৮ কিলোমিটার দূরে আরও দুইটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করে এএ। ট্রলারগুলোতে থাকা জাল, মাছ ও অন্যান্য মালামালও জব্দ করা হয়েছে।
আরাকান আর্মির বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, আটক ৩ ট্রলার, ১৬ জেলে ও জব্দ মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরাকান অঞ্চলের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ১৮৮ জন বাংলাদেশি জেলে এবং ৩০টি নৌকা মুক্তি দিয়েছিল আরাকান কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ থেকে প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় সাম্প্রতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে