প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:২১ পিএম

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, কয়েকটি সংবাদপত্রে দাবি করা হয়েছে যে সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বৈঠকে উপস্থিত দুজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনারের বক্তব্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি।
প্রেস উইং আরও জানায়, জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা তার যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, তাতেও ওয়াজ-মাহফিল সম্পর্কিত কোনো মন্তব্য ছিল না। তার পুরো বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে প্রকাশিত হয়েছে। ফলে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো অসত্য ও বিভ্রান্তিকর।
স্বদেশ প্রতিদিন/কেআইকে