| শিরোনাম: |

২০২৬ সালের জন্য ব্যাংকগুলোর ছুটির তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো আগামী বছরে মোট ২৮ দিন বন্ধ থাকবে। রোববার ১৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন ছুটির এই তালিকা চূড়ান্ত করে সব ব্যাংকের এমডি ও সিইওদের কাছে পাঠিয়েছে।
তালিকা অনুযায়ী, বছরের প্রথম ছুটি শবে বরাত, ৪ ফেব্রুয়ারি। একই মাসে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ব্যাংক বন্ধ থাকবে। শবে কদর উপলক্ষ্যে ছুটি পড়েছে ১৭ মার্চ।
এরপর ১৯ থেকে ২৩ মার্চ জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পাঁচ দিনের ছুটি থাকবে, যার মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি। স্বাধীনতা দিবস ২৬ মার্চ, চৈত্র সংক্রান্তি ১৩ এপ্রিল (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে), বাংলা নববর্ষ ১৪ এপ্রিল এবং ১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
ঈদুল আজহা সামনে রেখে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকে টানা ছুটি থাকবে, যার মধ্যেও দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত রয়েছে। ২৬ জুন আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী এবং ২০–২১ অক্টোবর দুর্গাপূজার ছুটি নির্ধারিত হয়েছে।
বছরের শেষদিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে ব্যাংকগুলো বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৪ সালে ২৪ দিন এবং ২০২৫ সালে ২৭ দিন ব্যাংক বন্ধ ছিল; আগামী বছর তা বেড়ে দাঁড়াচ্ছে ২৮ দিনে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ