প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম

জাবিতে ‘Post Retirement Financial Issues for Teachers’ কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) শিক্ষকদের জন্য ‘Post Retirement Financial Issues for Teachers’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। রবিবার বেলা সাড়ে এগারোটায় আইকিউএসি কার্যালয়ের কনফারেন্স কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জীবনের পরিসমাপ্তি হচ্ছে এক ধরনের পরিতৃপ্তির পূর্ণতা, যা প্রত্যেকের জন্যই স্বাভাবিক ও অনিবার্য সত্য। তিনি বলেন, “জীবনের শেষ আছে, আশারও শেষ আছে, এই বাস্তবতা সহজভাবে গ্রহণ করতে হবে।” একজন কর্মজীবীর জন্য অবসরের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে কর্মশালাটি শিক্ষকদের অবসরোত্তর আর্থিক পরিকল্পনায় বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. মোসানুল কবীর। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষকদের অবসর-পরবর্তী আর্থিক পরিকল্পনা, সুবিধা ও সম্ভাব্য জটিলতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগির উদ্দেশ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।