প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:৩১ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, জয় বাংলা শ্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা যুক্তিসঙ্গত নয়। তিনি বলেন, “সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ সংকেত নয়।”
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ বাসভবনে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
বঙ্গবীর আরও বলেন, “দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা। জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় বাধা দেওয়া হয়নি—এগুলো কি একতরফা না দুই-তরফা? এটি জনগণ বুঝবে।”
তিনি শেখ হাসিনার প্রশংসা করে বলেন, “তিনি অধ্যাপক ইউনুসকে যেভাবে আগে থেকেই চিনেছেন, আমরা তা তখন বুঝতে পারিনি; পরে বুঝতে পেরেছি।”
এ সময় সদ্য জামিনে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “১৯৭২ সাল থেকে মুক্তিযোদ্ধারা অবহেলিত, লাঞ্ছিত ও উপেক্ষিত হয়ে আসছে। আজ যা হচ্ছে, তা সেই দীর্ঘ উপেক্ষারই ফল।”
সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে