প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণ এবং প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ; এই তিন দাবি জানিয়েছে ইসলামি আট দল।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
সংগঠনটির তিন দাবি হলো-
১. জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা দিনে আয়োজন করতে হবে।
২. অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে।
৩. প্রশাসনে এমন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে, যারা নিরপেক্ষতার মান বজায় রাখতে সক্ষম।
তাহের অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কার ইস্যুতে একটি দল শুরু থেকেই বিরোধিতা করছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে ‘ঐকমত্য কমিশনের’ সুপারিশগুলো উপেক্ষিত হয়েছে এবং একটি দলকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা ভোটারদের বিভ্রান্তিতে ফেলতে পারে।
তিনি বলেন, গণভোট আগে হলে ওই দলের রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কা থেকেই তারা একদিনে গণভোটের সিদ্ধান্তে চাপ সৃষ্টি করেছে। একইদিনে ভোটগ্রহণের সিদ্ধান্তকে তিনি “একটি ফাঁদ” হিসেবে আখ্যা দেন।
তাহের আরও দাবি করেন, প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছেন তিনজন উপদেষ্টা, যারা একটি নির্দিষ্ট দলের স্বার্থকে প্রাধান্য দিতে কাজ করছেন। তার মতে, প্রশাসনিক রদবদলেও একই দলের প্রতি পক্ষপাত দেখা যাচ্ছে, যা নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এবারও একই পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। আট দলের পক্ষ থেকে ফেব্রুয়ারির আগে সুষ্ঠু নির্বাচন চাইলেও বাস্তব পরিস্থিতি নিয়ে তারা শঙ্কিত।
তাহেরের দাবি, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে এবং পরিকল্পিত নির্বাচন হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে।