প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৪০ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় একটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা যায়, দুইজন যুবক সাইনবোর্ড যাবার কথা বলে চাষাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছানোর পর যাত্রীরা তাদের সঙ্গে একজন উঠবেন বলে চালককে থামাতে বলেন। পরে ফোনে কথা বলার অজুহাতে অটোরিকশা থেকে নেমে নিচে দাঁড়ান যাত্রীর ছদ্মবেশে থাকা দুই যুবক। পরে তারা দুʼজন কৌশলে অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যান।
পরে চালক স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান কিন্তু ততক্ষণে সিএনজির ছাউনি আর পেছনের আসনটি পুড়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি সিএনজিতে আগুন দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস