প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:১৪ পিএম

সংগৃহীত ছবি
বাগেরহাটের মোংলায় পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ হওয়া সাবেক নারী পাইলট রিয়ানা আবজাল এর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালিবোটে রওনা হন। বোটটি দুপুর ১টার দিকে সুন্দরবনের ঢাংমারি খালের কাছাকাছি পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। স্থানীয় নৌযানের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও রিয়ানা আবজাল নিখোঁজ ছিলেন।
তিনি আরও জানান, ঘটনার পর কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। তিন দিনের পরিশ্রমী তল্লাশির পর সোমবার সকাল ৭টার দিকে মোংলা সাইলো জেটির কাছে ভাসমান অবস্থায় রিয়ানার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাঁদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। সম্প্রতি স্বামী ও শালা-শালীর পরিবার নিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর