প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম

দীর্ঘ আট বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে ভারতীয় আপেল আমদানি। রোববার (৯ নভেম্বর) বিকেলে ভারতের কাশ্মীর থেকে আপেলবোঝাই একটি ট্রাক বন্দর এলাকায় প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।
চট্টগ্রামের খাজা আজমেরী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান প্রথমদিনে ২৫ টন ৩৩২ কেজি আপেল আমদানি করেছে।
আমদানিকারকের প্রতিনিধি ও কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট শাহিনুর ইসলাম জানান, দীর্ঘদিন পর ফল আমদানি শুরু হওয়ায় হিলি বন্দরে আবারও ব্যবসায়িক প্রাণচাঞ্চল্য ফিরছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং বন্দর সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ২০১৭ সালের পর এই বন্দর দিয়ে কোনো আপেল আসেনি। এবার পরীক্ষণ শেষে প্রত্যয়নপত্র দেওয়া হবে যাতে দ্রুত বাজারজাত করা যায়।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাদন জানান, এক ট্রাক আপেলের শুল্কায়ন ৭০০ মার্কিন ডলারে করা হচ্ছে। পরীক্ষণ শেষে দ্রুত ছাড়করণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ