প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:৪০ পিএম

কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী কর্মশালা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর-৩ আসনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কালকিনি আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর ৩ আসনের পরিচালনা কমিটির আয়োজনে
উক্ত কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আসলাম সেরনিয়াবাত, প্রধান অতিথি ছিলেন- দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা এস. এম. আজিজুল হক।
এ সময় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শ নির্ভর রাজনৈতিক দল, যার লক্ষ্য রাজনীতিতে নীতি, আদর্শ ও সততার ভিত্তিতে পরিবর্তন আনা। এ সময় পীর সাহেব চরমোনাইয়ের বাণী পাঠ করা হয়— “শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই।”
মাওলানা এস. এম. আজিজুল হক তার বক্তব্যে বলেন, “মানুষ পরিবর্তন চায়। এবার মানুষ ইসলামের পক্ষে ভোট দেবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা, স্থানীয় কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। নির্বাচনী কার্যক্রম সফল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ