প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করার ঘটনায় মিরপুর ট্রাফিক জোনে কর্মরত একজন পুলিশ সার্জেন্টকে ক্লোজড করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস শুক্রবার (৭ নভেম্বর) এক অফিস আদেশে সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের সঙ্গে সংযুক্ত (ক্লোজ) করার নির্দেশ দেন।
অফিস আদেশে বলা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
ঘটনার সূত্রপাত ঘটে দুপুরে, যখন বিএনপি নেতা রিজভী একটি প্রোগ্রাম শেষে তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এ সময় ওই পুলিশ সার্জেন্ট তার পা ধরে সালাম করেন। এই ঘটনা একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে