প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক মিয়া (৫৩) অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তার কাছ থেকে একটি পাইপগান এবং একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) ভোরে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর রহমানের নেতৃত্বে তিতাস থানা পুলিশের একটি দল উপজেলার শাহপুর এলাকার সাদেক বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে ফারুক মিয়াকে গ্রেপ্তার করে। অভিযানের সময় বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে একটি পাইপগান ও সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফারুক মিয়া তিতাস উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। একই রাতে শাহপুর উত্তরপাড়া এলাকার জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও চার রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ফারুক মিয়াকে অস্ত্র আইনসহ দুই মামলায় সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে