প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:৪১ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোরের কুয়াশা আর বৃষ্টি যে শীতের আগমনী বার্তা দিচ্ছে তা নিশ্চিত। এমন অবস্থায় জনমনে প্রশ্ন, কবে থেকে শুরু হবে শীত ?
রবিবার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া পোস্টে জানায়, সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। মাস শেষে সারাদেশে শীত অনুভূত হতে পারে। তবে, ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।
সম্প্রতি আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শুরু হবে শীত। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারি জেলা থেকে ক্রমান্বয়ে সারাদেশে পুরোদমে শীত শুরু হবে। তবে, ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শুরু হবে শীত।
এর আগে, আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা ও মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএস