প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ২:০৩ পিএম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একই স্থানে ও একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যুথী।
উপজেলা প্রশাসনের জারি করা আদেশে জানানো হয়, দেলদুয়ার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও টাঙ্গাইল জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ফজলুল হক উপজেলা প্রশাসনের কাছে অনুমতি আবেদন করেন।
অন্যদিকে, একই দিন ও স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেলদুয়ার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও দেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওয়াহেদুল্লাহ মিয়াও সমাবেশের অনুমতি চান।
দুই পক্ষের সমাবেশ একই সময়ে অনুষ্ঠিত হলে জননিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়, ফৌজদারি কার্যবিধির ধারার ক্ষমতাবলে ইউএনও জোহরা সুলতানা যুথী স্টেডিয়াম এলাকার ৫০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও স্লোগান নিষিদ্ধ ঘোষণা করেন।
ইউএনও জানান, জনগণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে