প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:৩৬ AM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারা করদাতাদের আবেদন করার সময়সীমা বাড়িয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত বিশেষ এক আদেশে জানানো হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যায় করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করতে পারবেন।
আদেশে আরও বলা হয়, করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে যুগ্ম কর কমিশনার অনুমোদন দিলে তিনি কাগজপত্রে (পেপার রিটার্ন) আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর সূত্রে জানা যায়, চলতি কর বছরে অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হলেও কিছু করদাতা এখনও প্রযুক্তিগত সীমাবদ্ধতায় ভুগছেন। তাদের সুবিধার্থেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই আবেদনের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ছিল।
স্বদেশ প্রতিদিন/ এমএস