ময়মনসিংহের ত্রিশালে বাড়ি থেকে তুলে নিয়ে মেয়ে ভেবে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে আকমল হোসেন (৩৮) নামে এক যুবককে আসামি করে মামলা করেছেন।
এর আগে গত ১৮ অক্টোবর ভোররাতে ভুক্তভোগী গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়া মাত্র তাকে পেছন থেকে মুখ চেপে বাড়ি থেকে অদূরে একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে আকমল। এ সময় ঘটনা টের পেয়ে ওই গৃহবধূর স্বামী এগিয়ে গেলে আকমল পালিয়ে যান।
তবে গৃহবধূর ছোট ভাইয়ের দাবি, সপ্তম শ্রেণিতে পড়ুয়া আমার ভাগনিকে প্রায়ই উত্ত্যক্ত করতো আকমল। ঘটনার দিন ভোরে ভাগনির ওড়না গায়ে জড়িয়ে টয়লেটে যান আমার বোন। এ সময় আমার বোনের গায়ে ভাগনির ওড়না দেখে তাকে ভাগনি মনে করে আমার বোনকে তুলে নিয়ে ধর্ষণ করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “অভিযুক্ত আকমল হোসেন একই উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কোম্পানিতে কাজ করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।”
ওসি মনসুর আহমেদ বলেন, “অভিযুক্ত আকমলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে- এমন কথা মামলার অভিযোগে বাদী উল্লেখ করেননি। ইতোমধ্যে ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় এলকাজুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি সঠিক বিচার দাবি করেছেন।