চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি শুরু
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:৩০ পিএম

সংগৃহীত ছবি
চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতিতে রয়েছেন। সোমবার তারা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন।
গ্রেড ১১-২০ এর মোট ৫৮ জন অস্থায়ী কর্মচারী জানান, তারা ৫ থেকে ১০ বছর ধরে বিভিন্ন পদে কম বেতনে কর্মরত রয়েছেন। প্রশাসন বারবার স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ ২০১৯ ও ২০২২ সালে পদোন্নয়ন বা স্থায়ীকরণের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে তা থেমে যায়। চলতি বছরের ২০ অক্টোবরও নতুন করে স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেওয়া হয়, কিন্তু ইউজিসি থেকে অনাপত্তিপত্র না পাওয়ার অজুহাতে তা স্থগিত রাখা হয়েছে বলে অভিযোগ কর্মচারীদের।
তাদের দাবি, ইউজিসি চার বছর আগে এসব পদে নিয়োগের অনুমোদন দিলেও এখনো স্থায়ীকরণ হয়নি। দীর্ঘদিনের অনিশ্চয়তা ও অল্প বেতনে মানবেতর জীবনযাপন করছেন ৫৮ কর্মচারী। আন্দোলনকারীদের প্রতিনিধি রাসেল আহমেদ ও ইজাজ জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ