বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হচ্ছে: মঈন খান
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:৩৭ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ৭:১৫ PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তারা চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল-জুলুম চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের অন্যায় ও অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং আওয়ামী লীগ এখন নিশ্চিহ্ন হওয়ার পথে।”
আজ সোমবার (২৭ অক্টোবর) তিনি এসব কথা বলেন পলাশ উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায়, যেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বৈরাচারী শাসন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরেন।
ড. মঈন খান বলেন, “পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, তাদের কেউই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকতে পারবে না।”
তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, “বিগত তিন বছর ধরে বিএনপি গণতন্ত্র ও সংস্কারের কাজ শুরু করেছে। দেশকে পুনর্গঠনের জন্য বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব প্রণয়ন করা হয়েছে এবং আমরা সেই সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপিকে সংস্কার শিখানো দরকার নেই।”
সভায় পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব বকতিয়ার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন এবং যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টু সহ অন্যান্য নেতারা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে