প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:১৬ পিএম

৩৫ বছর বয়সি যুবক মামুন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মোসলেম ব্যাপারীর ছেলে। প্রেমিকার বিয়ে মেনে নিতে পারেননি, হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য আর গত এক যুগ ধরে ধরে পার করছেন শিকল বন্দি জীবন। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে সুচিকিৎসাও।
পরিবার জানায়, মাধ্যমিকে পড়ার সময় সহপাঠীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে মামুন। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর বেশ কয়েক বছর একাকী ছিল। বিভিন্ন দিকে চলে যেত। একবার হারিয়ে যাওয়ার পর ফিরে পেয়ে শেকল দিয়ে আটকে রাখা হচ্ছে।
ছেলের ব্যাপারে মামুনের মা সোনা বানু বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর আট বছরের মতো ঘুরেফিরে কাটিয়েছে মামুন। তবে একবার হারিয়ে গেলে বাগেরহাট থেকে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। এরপর প্রায় ১২ বছর ধরে শেকলবন্দি জীবন মামুনের। এখন তো অর্থসংকটে চিকিৎসা বন্ধ হয়ে মৃত্যুর প্রহর গুনছে। তবে আমি সন্তানের সুস্থতা কামনা করে সবার কাছে চিকিৎসা সহায়তা চাই।
মামুনের বাবা মোসলেম ব্যাপারী বলেন, শেকল খুলে দিলে কোথাও চলে যেতে পারে আবার আমাদের ওপর হামলাও করতে পারে। স্বাভাবিক থাকলে ছেলেকে আটকে রাখার প্রয়োজন হতো না। তবে সন্তানের এ কষ্ট আর দেখতে ভালো লাগে না। আমরা চাই মামুন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।
পরিবারের পাশাপাশি প্রতিবেশীসহ এলাকাবাসীও চান মামুনের সুস্থতা। মামুনের চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে নিতে এরই মধ্যে স্থানীয় তরুণরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/রাফি