জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন এমন গুঞ্জন সম্প্রতি ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছে, তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সংবাদকে ভিত্তিহীন বলে ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের সঙ্গে আছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের কার্যক্রমে তদারকি করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।
এর আগে মধ্যরাতে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটওয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, দুই সপ্তাহ আগে তিনি দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে এখনও তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।
সংবাদে আরও বলা হয়েছে, পদসংক্রান্ত জটিলতার কারণে পাটওয়ারী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের দায়িত্ব নিতে চান। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বও এ প্রস্তাবে মৌন সম্মতি জানিয়েছে। এটি পাটওয়ারীর মনঃক্ষুণ্ণ হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।