শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য : ড. মুহাম্মদ ইউনূস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ AM

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ও ক্রীড়া একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে যেমন গঠনমূলক শিক্ষা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “শরীরকে সুস্থ রাখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণ তৈরি করে। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই আয়োজনকে স্মৃতিময় করে রাখতে বিশেষ স্মরণিকা ‘চৌকস’ প্রকাশের উদ্যোগও প্রশংসনীয়।”
প্রধান উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।
ড. ইউনূস বিশ্বাস প্রকাশ করে বলেন, জাতীয় পর্যায়ের এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
শেষে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল কোমলমতি শিক্ষার্থীর সাফল্য কামনা করেন এবং ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সুষ্ঠু সমাপ্তি প্রত্যাশা করেন।
স্বদেশ প্রতিদিন / কেআইকে