প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:৪১ পিএম

জাতীয়করণের দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা তিন ঘণ্টা ধরে চলা অবরোধ শেষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সড়ক ছেড়ে যান। এর পর পল্টন থেকে প্রেস ক্লাবগামী যানবাহনের চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষকরা বুধবার বিকেল ৩টার পর অবরোধ তুলে নেন। একই সঙ্গে তারা আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।
অবরোধ শেষে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয়। তবে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের প্রতিনিধি দলের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন। আমরা অন্তত সৌজন্যমূলক ব্যবহার আশা করেছিলাম, কিন্তু দেখা করতেই অস্বীকার করা হলো, যা গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।”
শিক্ষকরা দাবি করেছেন, চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১,০৮৯টি প্রতিষ্ঠানের এমপিও ফাইল দ্রুত অনুমোদন, অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদরাসার এমপিও আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ি মাদরাসার জন্য পৃথক অধিদফতর স্থাপনের দাবি করছেন শিক্ষকরা।
পরিবর্তিত পরিস্থিতির পর আগামী কর্মসূচি নিয়ে শিক্ষকরা আরও সতর্ক ও প্রস্তুত থাকবেন বলে জানান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ