প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম

রাজনীতিতে অনৈক্যের সুর লক্ষ্য করে গভীর হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না।”
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছিল। কিন্তু রাজনীতিকদের মাঝে যে অনৈক্য এখনও বিরাজ করছে, তা অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও বলেন, “সততা ছাড়া পরিচ্ছন্ন ও গণমুখী রাজনীতি সম্ভব নয়। কেউ যদি ক্ষমতায় এসে শুধু সম্পদ তৈরি করার চিন্তা করে, তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর কিছুই অর্জিত হবে না।”
দেশের শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের দুর্ভাগ্য যে দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের অবস্থায় রয়েছে। এর দায় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক কাঠামো এড়াতে পারে না।”
বর্তমান সময়কে একটি ‘ক্রান্তিকাল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “চারদিকে অনৈক্যের সুর, বিভাজন, হতাশা—এসব দেখে সাধারণ মানুষ উদ্বিগ্ন। রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নির্ধারণ করেন। কেউ জাতি গঠনে কাজ করেন, আবার কেউ রাজনীতিকে ব্যবহার করেন নিজের স্বার্থসাধনের জন্য।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে