প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৪৪ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে নিজ শয়নঘর থেকে গৌরবী রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। গৌরবী রানী উপজেলার মাছ ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র রায়ের মেয়ে এবং নলডাঙ্গা জ্ঞানেন্দ্র চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেবল গৌরবীর বৃদ্ধা দাদী উপস্থিত ছিলেন। তার বাবা ঢাকায় ব্যবসার কাজে এবং মা আত্মীয়ের বাড়িতে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে ছিলেন। বিকেলে দাদী শয়নঘরের সিলিং ফ্যানে গৌরবীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং মরদেহ নামিয়ে আনেন।
গৌরবীর আত্মহত্যার পেছনে কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার ও পুলিশ। তবে স্থানীয়দের অনেকেই এটিকে ‘রহস্যজনক মৃত্যু’ হিসেবে দেখছেন। তাদের দাবি, বাড়িতে কেউ না থাকায় ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
দুপুর ২টার দিকে খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উপ-পরিদর্শক (এসআই) রিপনের নেতৃত্বে একটি টিম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “মৃত্যুর খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে